Saturday, May 05, 2007

শৈশব

এই অসাধারন ছবিটি মুনের ব্লগ থেকে নেয়া...

বর্ষপূর্তি

দেখতে দেখতে আমার এই বাংলা ব্লগটি একবছর পার করে দিল...ব্লগ লিখা নিয়ে বেশ কিছু মজার এবং একই সাথে বিরক্তিকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি...প্রানের ভাষা বাংলায় মনের কথা লিখছি বিষয়টি আমার কাছে গর্বের হলেও আমার অনেক বন্ধুর কাছে “এটা শুধুমাত্র ভাব বাড়ানো”...গতকাল বসে বসে নিজের পুরনো post গুলো নিজেই দেখলাম, মজার একটা অভিজ্ঞতা-বলে বুঝানো যাবে না...ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার লেখা গুলো পড়েন...

Monday, March 26, 2007

অতিথি

কাকের বাসায় নতুন অতিথির আগমন

Tuesday, March 13, 2007

বাংলাদেশ দলের জন্য শুভকামনা

আরেকটি কঠিন টার্ম পার করে গতানুগতিক পরীক্ষা দেয়ার প্রস্তুতি নিচ্ছি। সবগুলো টিভি চ্যানেল খুল্লেই দেখা যায় ভারতের বিশ্বকাপ ক্রিকেট নিয়ে উন্মাদনা অথচ আমরা আমাদের নিজেদের দল বিশ্বকাপে খেলা সত্বেও সেই অর্থে জেগে উঠতে পারছি না...বাংলাদেশের মানুষ এখনও ঘুষখোর, গাড়িচোর, দখলদার আর চাঁদাবাজদের নিয়েই মেতে আছে...শুভকামনা বাংলাদেশ দলের জন্য...

Friday, March 02, 2007

Thursday, February 22, 2007

এবার হয়েছে সন্ধ্যা

এবার হয়েছে সন্ধ্যা। সারাদিন ভেঙেছো পাথর
পাহাড়ের কোলে
আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেলো শালের জঙ্গলে
তোমারও তো শ্রান্ত হলো মুঠি
অন্যায় হবে না - নাও ছুটি
বিদেশেই চলো
যে কথা বলনি আগে, এ-বছর সেই কথা বলো।

শ্রাবনের মেঘ কি মন্থর!
তোমার সর্বাঙ্গ জুড়ে জ্বর
ছলোছলো
যে কথা বলনি আগে, এ-বছর সেই কথা বলো।

এবার হয়েছে সন্ধ্যা, দিনের ব্যস্ততা গেছে চুকে
নির্বাক মাথাটি পাতি, এলায়ে পড়িব তব বুকে
কিশলয়, সবুজ পারুল
পৃথিবীতে ঘটনার ভুল
চিরদিন হবে
এবার সন্ধ্যায় তাকে শুদ্ধ করে নেওয়া কি সম্ভবে?

তুমি ভালোবেসেছিলে সব
বিরহে বিখ্যাত অনুভব
তিলপরিমাণ
স্মৃতির গুঞ্জন - নাকি গান
আমার সর্বাঙ্গ করে ভর?
সারাদিন ভেঙ্গেছো পাথর
পাহাড়ের কোলে
আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেলো শালের জঙ্গলে
তবু নও ব্যথায় রাতুল
আমার সর্বাংশে হলো ভুল
একে একে শ্রান্তিতে পড়েছি নুয়ে। সকলে বিদ্রূপভরে দ্যাখে।
এবার হয়েছে সন্ধ্যা :: শক্তি চট্টোপাধ্যায় ;

রাস্তা

Friday, February 02, 2007

স্নান

সংকোচে জানাই আজঃ একবার মুগ্ধ হতে চাই।
তাকিয়েছি দূর থেকে। এতদিন প্রকাশ্যে বলিনি।
এতদিন সাহস ছিল না কোনো ঝর্ণাজলে লুণ্ঠিত হবার-
আজ দেখি অবগাহনের কাল পেরিয়ে চলেছি দিনে দিনে...

জানি, পুরুষের কাছে দস্যুতাই প্রত্যাশা করেছো।
তোমাকে ফুলের দেশে নিয়ে যাবে ব’লে যে-প্রেমিক
ফেলে রেখে গেছে পথে, জানি, তার মিথ্যে বাগদান
হাড়ের মালার মতো এখনো জড়িয়ে রাখো চুলে।

আজ যদি বলি, সেই মালার কঙ্কালগ্রন্থি আমি
ছিন্ন করবার জন্য অধিকার চাইতে এসেছি?
যদি বলিআমি সে-পুরুষ, দ্যাখো, যার জন্য তুমি এতকাল
অক্ষত রেখেছো ওই রোমাঞ্চিত যমুনা তোমার?

শোনো, আমি রাত্রিচর। আমি এই সভ্যতার কাছে
এখনো গোপন ক’রে রেখেছি আমার দগ্ধ ডানা;
সমস্ত যৌবন ধ’রে ব্যাধিঘোর কাটেনি আমার। আমি একা
দেখেছি ফুলের জন্ম মৃতের শয্যার পাশে বসে,
জন্মান্ধ মেয়েকে আমি জোছনার ধারণা দেব ব’লে
এখনো রাত্রির এই মরুভুমি জাগিয়ে রেখেছি।

দ্যাখো, সেই মরুরাত্রি চোখ থেকে চোখে আজ পাঠালো সংকেত-
যদি বুঝে থাকো তবে একবার মুগ্ধ করো বধির কবিকে;
সে যদি সংকোচ করে, তবে লোকসমক্ষে দাঁড়িয়ে
তাকে অন্ধ করো, তার দগ্ধ চোখে ঢেলে দাও অসমাপ্ত চুম্বন তোমার...
পৃথিবী দেখুক, এই তীব্র সূর্যের সামনে তুমি
সভ্য পথচারীদের আগুনে স্তম্ভিত ক’রে রেখে
উন্মাদ কবির সঙ্গে স্নান করছো প্রকাশ্য ঝর্ণায়।
স্নান :: জয় গোস্বামী ;

Thursday, February 01, 2007

পাখি

ইচ্ছে করে পাখি হয়ে ছুঁয়ে দিই ওই সাদা মেঘ গুলোকে...

ম্যাজিক

অনেকদিন মাথা থেকে লেখার মত কিছু বের করতে পারিনি, অনেকবারই ভেবেছি দেশের বর্তমান অবস্থা নিয়ে কিছু লিখি কিন্তু পরে আর লিখা হয়ে ওঠেনি...মিড-টার্মের ছুটি শুরু হলো আজ থেকে, বন্ধুরা চলে গেছে সমুদ্র দেখতে কিংবা কেউ গ্রামের বাড়িতে...আমি কিছু করার না পেয়ে ভাবলাম লিখতে বসে যাই। মাঝে পরিবর্তন এসেছে ব্যাপক, বর্তমান ‘তদারকি সরকার’ (‘তত্বাবধায়ক সরকার’- এই শব্দটি কলকাতার এক নিউজ চ্যানেল থেকে ধার করা) ম্যাজিকে সব কিছু ঠিক মত চলা শুরু হয়েছে...দশজন উপদেষ্টা দিয়েই যদি সব কাজ ঠিক চলে তবে কী দরকার পাঁচ ডজন মন্ত্রী প্রতিপালন করার, এই দেশকে আরো দরিদ্র করার? আমরা কি এমনিতেই অনেক পিছিয়ে পড়িনি?

Friday, January 05, 2007

আরেক বিকেল

পড়ন্ত বিকেলে অস্তমিত সূর্য রশ্মির প্রতিফলন...



Tuesday, December 26, 2006

Sunday, December 24, 2006

উল্টো ঘুড়ি

এতো সহজেই ভালোবেসে ফেলি কেন!
বুঝি না আমার রক্তে কি আছে নেশা-

দেবদারু-চুলে উদাসী বাতাস মেখে
স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি,
কোন বেদনার বেনোজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত?

সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলিনা কিছু-
না-বলা কথায় তন্ত্রে তনুতে পুড়ি,
যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে
উড়াই নিজেকে আকাশের পাশাপাশি।

সহজে যদিও ভালোবেসে ফেলি
সহজে থাকি না কাছে,
পাছে বাঁধা পড়ে যাই।
বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন-সুতো ধ’রে,
আমি শুধু যাই দূরে।

আমি দূরে যাই-
স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা-চন্দন চুয়া,
সারাটি রাত্রি ভাসো উদাসীন বেদনার বেনোজলে...

এতো সহজেই ভালোবেসে ফ্যালো কেন?
উল্টো ঘুড়ি :: রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ; দিয়েছিলে সকল আকাশ:


[আমার বন্ধুরা বা যারা আমার ব্লগ নিয়মিত পড়ে তাদের একটা অপবাদ আমার প্রায়ই শুনতে হয় যে, আমি যখন লেখার কিছু খুঁজে পাই না তখন ব্লগে কবিতা লিখা শুরু করি, তাদের উদ্দেশ্যে বলছি- আমি নিয়মিত কবিতা পড়ি এবং যে কবিতা গুলো আমার মাথার ভিতর ঢুকে যায় শুধু সেগুলোই আমি ব্লগে দেই- এর বেশি কিছু নয়।]

Thursday, December 21, 2006

দূরে আছো দূরে

তোমাকে পারিনি ছুঁতে, তোমার তোমাকে-
উষ্ণ দেহ ছেনে ছেনে কুড়িয়েছি সুখ,
পরস্পর খুড়ে খুড়ে নিভৃতি খুঁজেছি।
তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই।

যেভাবে ঝিনুক খুলে মুক্ত খোঁজে লোকে
আমাকে খুলেই তুমি পেয়েছো অসুখ,
পেয়েছো কিনারাহীন আগুনের নদী।

শরীরের তীব্রতম গভীর উল্লাসে
তোমার চোখের ভাষা বিস্ময়ে পড়েছি-
তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই।
জীবনের ’পরে রাখা বিশ্বাসের হাত
কখন শিথিল হয়ে ঝ’রে গেছে পাতা।
কখন হৃদয় ফেলে হৃদপিন্ড ছুঁয়ে
বোসে আছি উদাসীন আনন্দ মেলায়-

তোমাকে পারিনি ছুঁতে-আমার তোমাকে,
ক্ষাপাটে গ্রীবাজ যেন, নীল পটভূমি
তছ নছ কোরে গেছি শান্ত আকাশের।
অঝোর বৃষ্টিতে আমি ভিজিয়েছি হিয়া-

তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই।।
দূরে আছো দূরে :: রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ; দিয়েছিলে সকল আকাশ :


[ইদানীং আমি আবার কবিতা পড়া শুরু করেছি, রুদ্র’র এই কবিতাটি আমার মনের কথা বলে, অবশ্য দিয়েছিলে সকল আকাশ এর সব গুলো কবিতাই আমার অনেক প্রিয়।]

Thursday, December 07, 2006

ভিন্ন আদল

অনেক দিন পর ব্লগ এর চেহারাটা একটু ভিন্ন আদলে রূপ দিলাম...কালো আমার প্রিয় রঙ, তাই কালোতেই সাজালাম সবকিছু...

মেঘমালা

Friday, December 01, 2006

ভালো লাগে ফুল, কিছু কিছু ভুল

অনেক দিন ধরেই লেখার তাগিদ অনুভব করছিলাম কিন্তু কি লিখব বুঝে উঠতে পারছিলাম না। মাঝে ঘটে গেছে অনেক পরিবর্তন, অনেক কিছুতেই। চুপ করে শীতকাল চলে এসেছে, সন্ধ্যায় রাস্তায় বের হলেই টের পাওয়া যায় ব্যাপারটা...আমার এক প্রকার ভালো না লাগা রোগ হয়েছে, কোনো কিছুই ভালো লাগে না...ক্লাস, ল্যাব, পড়াতে যাওয়া, ঘুমানো- কোনো কিছুই না... অথচ আমি গান শুনি সামিনা চৌধুরীর, “ভালো লাগে ফুল, কিছু কিছু ভুল, ভালো লাগেরে সবই...” হাস্যকর!

Sunday, November 05, 2006

২২ অক্টোবর, ২০০৬

অনেকদিন পর যান্ত্রিক ঢাকা শহরের কালো ধোয়া থেকে দূরে ঈদের ছুটিতে গ্রামে বসে লিখছি। মাঝে পরীক্ষার কারনে সময় হয়ে ওঠেনি, লিখতে ইচ্ছে করেনি পরীক্ষা শেষ হবার পরেও। কনফুসিয়াস কে ধন্যবাদ আমার ব্লগটি বাংলা ইউনিকোড ব্লগ সাইটে যুক্ত করার জন্যে।

সম্ভবত আমি একজন নৈরাশ্যবাদী মানুষ, এজন্য একজন অর্থনীতিবিদের শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তি আমাকে উদ্বেলিত করেনা বরং ৩৮% সুদে ঋন নেয়া মানুষগুলোর প্রতি সপ্তাহে ঋনের কিস্তি পরিশোধের প্রানান্ত চেষ্টা আমাকে পীড়া দেয় এবং হাসি পায় যখন সর্বজন শ্রদ্ধেয় একজন রাজনৈতিক দল গড়ার আশ্বাস দেন। সত্যিই দেশ এগিয়ে চলেছে অদ্ভুত এক উটের পিঠে চেপে।